দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০০৬ সালে জার্মানিতে শুরু হওয়া তার বিশ্বকাপ যাত্রা ২০২৬ সালে এসে পৌঁছেছে নতুন এক মাইলফলকে। দুই দশকের এই দীর্ঘ পথচলার স্মৃতি সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত ছয়টি বিশ্বকাপের স্মৃতি নিয়ে একটি ছবি পোস্ট করেন মেসি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘২০০৬⚽২০২৬’। সংক্ষিপ্ত এই বার্তায় যেন বিশ্বকাপ ক্যারিয়ারের পুরো গল্পটাই তুলে ধরেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
২০২৬ বিশ্বকাপে মেসির সামনে রয়েছে আরও কয়েকটি বড় রেকর্ড গড়ার সুযোগ। বর্তমানে বিশ্বকাপ ইতিহাসে ১৩ গোল নিয়ে তিনি চতুর্থ স্থানে রয়েছেন। শীর্ষে থাকা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ কিংবা অতিক্রম করার সুযোগ রয়েছে তার সামনে। পাশাপাশি বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক পেলের ১০ অ্যাসিস্টের রেকর্ড ভাঙতে প্রয়োজন আরও তিনটি গোল সহায়তা।
এ ছাড়া বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ (২৬) এবং সবচেয়ে বেশি সময় (২,৩০০ মিনিট) মাঠে থাকার নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগও থাকবে তার সামনে।
বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টায় ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। এরপর গ্রুপ পর্বে অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
চলমান আসরে মেসির পাশাপাশি গুইলেরমো ওচোয়া এবং ক্রিস্টিয়ানো রোনালদোও ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিচ্ছেন। তবে ফুটবল বিশ্বের নজর এখন মেসির দিকেই। বিশ্বকাপের শেষ অধ্যায়ে তিনি নতুন কোনো ইতিহাস লিখতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষা সমর্থকদের।
এমএস/